মাস্ক না পরলে আমরা নিজেরাই কোরবানি হবো বলে মন্তব্য করেছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। শুক্রবার(১৬ জুলাই) ‘মাস্ক আমার সুরক্ষা সবার’ নামে একটি ক্যাম্পেইনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য মেয়র এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা কোরবানির পশু কিনতে হাটে যাচ্ছি, কিন্তু অনেকেই ঠিকমতো মাস্ক পরছি না। মাস্ক না পরলে আমরা নিজেরাই কোরবানি হবো। যিনি হাটে গিয়ে পশু কিনবেন তিনি এমন বিক্রেতার থেকে পশু কিনবেন না যিনি মাস্ক পরেননি। আবার কোনো পশু বিক্রেতা এমন গ্রাহকের কাছে পশু বিক্রি করবেন না যিনি মাস্ক পরেননি। এটা সবার প্রতি আমার আহ্বান, আমার মেসেজ।
মেয়র আতিক আরও বলেন, কোরবানির পশুর হাটে ক্রেতা-বিক্রেতা মাস্ক না পরলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সিটি করপোরেশন জরিমানা করবে। এসময় তিনি সমাজের অবস্থাসম্পন্ন নাগরিকদের কাছে আবারও হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা অনুদানের আহ্বান জানান।
এসময় বিশেষ অতিথির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে আমরা করোনা মোকাবিলা করছি। যখন কঠোর বিধিনিষেধ শিথিল করা হলো তখন অনেকেই কথা বলছেন, পরামর্শ দিচ্ছেন, প্রশ্ন করছেন। কিন্তু সমাধান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সেটি হচ্ছে, দেশ ও জাতির জন্য জীবন ও জীবিকা একসঙ্গে চালিয়ে নিয়ে যাওয়া।
বার্তাবাজার/পি