বোয়ালমারীতে ১৫ মামলার আসামীসহ ৩ ডাকাত গ্রেফতার

ফরিদপুরের বোয়ালমারীতে ১৫ মামলার এক চিহ্নিত আসামীসহ ৩ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৬ জুলাই) দুপুরে আটককৃতদের জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা যায়, বোয়ালমারী পৌরসভার উত্তর শিবপুর গ্রামের রহমান সিকদারের ছেলে মো. মনির সিকদার (৪২) চলতি বছরের ৮ জুন দায়েরকৃত এক ডাকাতি মামলার আসামী।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক দ্বীপঙ্কর সান্যালের নেতৃত্বে একদল পুলিশ তাকে সম্প্রতি পার্শ্ববর্তী গুনবহা গ্রাম থেকে গ্রেফতার করেন। মনিরের বিরুদ্ধে বোয়ালমারী থানায় হত্যা, ডাকাতি, অস্ত্র, নারী ও শিশু নির্যাতনসহ মোট ১৫টি মামলা রয়েছে।

মনিরের স্বীকারোক্তি অনুযায়ী ওই ডাকাতি মামলার আরেক আসামী নাটোর জেলার ছাতনি গ্রামের শুকুর আলীর ছেলে মো. শফিকুল আলীকে (৩২) ঢাকার আশুলিয়া থেকে বৃহস্পতিবার গ্রেফতার করেন বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক দ্বীপঙ্কর সান্যাল।

এছাড়াও মনির সিকদারের স্বীকারোক্তি অনুযায়ী ডাকাতির প্রস্তুতির অপর এক মামলার আসামী পৌরসভার কুশাডাঙ্গা গ্রামের কাওছার শেখের ছেলে হাসান শেখকে (৩২) বৃহস্পতিবার গ্রেফতার করেছে বোয়ালমারী থানা পুলিশ।

এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, গ্রেফতারকৃতদের শুক্রবার ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মিয়া রাকিবুল/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর