ফেনী শহরে স্থানীয় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মো. শাহজালাল নামের এক গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) রাত আড়াইটায় ফেনী পৌর এলাকার সুলতানপুরে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা ও নিহতের স্বজনরা জানায়, গত বছরের মতো এবারও কোরবানি ঈদ উপলক্ষে গরু বিক্রি করার জন্য কিশোরগঞ্জ থেকে শাহজালালসহ ১০ ব্যবসায়ী ফেনীতে আসেন। গরুবোঝাই ট্রাকটি শহরের সাহেব বাড়িতে ঢোকার সময় স্থানীয় কাউন্সিলর আবুল কালাম তার পিছু নেন।
ওই সময় আবুল কালাম গরুবোঝাই ট্রাকটি ছিনতাই করার চেষ্টা করলে শাহজালালসহ তার তিন থেকে চার সহযোগী বাধা দেন। বাকবিতন্ডার এক পর্যায়ে শাহজালালকে আ’লীগ নেতা ও তার লোকজন মোটরসাইকেলে তুলে নিয়ে যায়।
পরে শুক্রবার (১৫ জুলাই) সকাল ৭টার দিকে একটি পুকুর থেকে তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ একজনকে আটক করেছে।
অভিযুক্ত আবুল কালাম ফেনী পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে বলে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
ফেনী জেলা পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী জানান, প্রাথমিক তদন্তে ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেয়া তথ্য মতে হত্যাকাণ্ডের সঙ্গে স্থানীয় কাউন্সিলর আবুল কালাম জড়িত থাকার বিষয়টি উঠে এসেছে । তার বাড়িতে অভিযান চালিয়ে রক্তমাখা পাঞ্জাবীসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। এরই মধ্যে সাগর নামে একজনকে আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত হত্যার মূল কারণ জানা যায়নি। সাগরকে জিজ্ঞাসাবাদ চলছে।
বার্তা বাজর/টি