দূর পাল্লার বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ

২ সপ্তাহ লকডাউন শেষে অবশেষে দূরপাল্লার যানবাহন চলাচল শুরু হয়েছে বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে। শুক্রবার (১৬ জুলাই) গাবতলী বাস টার্মিনালে দেখা গিয়েছে ঘরমুখো মানুষের ভিড়। তবে সময়মত বাস না যাওয়ায় ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।

কাউন্টার থেকে আসছে, দ্রুত আসবে ইত্যাদি বলে যাত্রীদের বুঝ দেয়া হলেও জানা গেছে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত দীর্ঘ যানজটে বাস আটকে আছে ৷ এ কারণে সঠিক সময় আসছে না বাস।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শম্পার যশোরগামী বাস ছাড়ার কথা ভোর সাতটায়, কিন্তু দুপুর আড়াইটায়ও মিলেনি সেই বাসের দেখা। কিছুক্ষণ পরেই আসবে বলে কথা থাকলেও ৫ ঘণ্টায়ও পূরণ হয়নি সেই কিছুক্ষণ।

বাসটির কাউন্টার মাস্টার এক সাক্ষাৎকারে বলেন, বাস এখনো চান্দুরার জ্যামে আটকে আছে। এখানে আসতে আসতে আরও এক ঘণ্টা সময় লাগবে। যানজটে তো আমাদের হাত নেই।

বাস কাউন্টারগুলোতে দেখা গেছে বিভিন্ন বয়সের মানুষের ভিড়। তীব্র গরমে সবাই কষ্ট পেলেও যেন কিছুই করবার নেই।

মেহেরপুরগামী যাত্রী রাজন মজুমদার বলেন, বাস সকাল ৯টায় ছেড়ে যাওয়ার কথা ছিল। দুপুর হয়ে গেছে এখনো বাসের দেখা নেই। তীব্র গরমে বয়স্ক মা, আমার ছোট শিশু কষ্ট পাচ্ছে। কখন বাস ছাড়বে, কিছুই ধারণা করতে পারছি না।

অন্যদিকে সরকার নির্দেশিত ভাড়ার থেকে বেশি রাখা হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। শম্পা বলেন, যশোর থেকে ভাড়া ১০৫০ টাকা হলেও রাখা হচ্ছে ১২০০ টাকা।

এসবি সুপার জসিম বলেন, আমাদের সব টিকিট অনলাইনে সেল হয়েছে। ভাড়া বেশি রাখার প্রশ্নই নাই। সরকার নির্দেশিত ৬০ শতাংশ ভাড়া বাড়িয়ে রাখা হয়েছে।

আনসার কর্মী শাহেদিন বলেন, টিকে পরিবহনে দিনাজপুর পর্যন্ত ১৬০০ টাকা ভাড়া রাখা হচ্ছে। ৬০ শতাংশ ভাড়া বাড়িয়েও অতিরিক্ত ৪০০ টাকা রাখা হচ্ছে।

এদিকে বাসগুলোতে জীবাণুনাশক ছিটানো, যাত্রীর হাতে হ্যান্ড স্যানিটাইজার দেয়ার দৃশ্য চোখে পড়েনি। এছাড়া কিছু বাসে প্রত্যেক সিটেই যাত্রী নিতে দেখা গেছে।
এদিকে বাসগুলোতে জীবাণুনাশক ছিটানো, যাত্রীদের হাতে স্যানিটাইজার দেওয়ার দৃশ্যও চোখে পড়েনি। এছাড়া, কয়েকটি বাসের প্রত্যেক সিটেই যাত্রী নিতে দেখা গেছে।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর