আ’লীগ হলো হীরার মতো, যত কাটবে ততই চকচক করবে: মতিয়া চৌধুরী

আওয়ামী লীগ হলো হীরার মতো, যত কাটবে ততই চকচক করবে, আলোকিত হবে বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী।

শুক্রবার(১৬ জুলাই) ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশের মানুষ বিশ্বাস করে বাংলাদেশের জন্য একমাত্র বঙ্গবন্ধু ও শেখ হাসিনাই অপরিহার্য। জনগণের আস্থা ও ভালবাসার উপর ভিত্তি করেই আওয়ামী লীগের সৃষ্টি। তাই আওয়ামী লীগ হলো হীরার মতো, যত কাটবে ততই চকচক করবে, আলোকিত হবে।

মতিয়া চৌধুরী বলেন, কারো ষড়যন্ত্রে আওয়ামী লীগ ভেঙে যাবে না। বহুবার আওয়ামী লীগকে ভাঙ্গার জন্য ষড়যন্ত্র করেছিল চক্রান্তকারীরা। যতবার ভাঙার চেষ্টা করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা আরো বেশি ঐকবদ্ধ হয়েছে‌।

তিনি আরও বলেন, অবৈধভাবে শেখ হাসিনাকে যখন কারাগারে নিয়ে যাওয়া হয় নেতাকর্মীরা তখন গোপনে শেখ হাসিনার মুক্তির জন্য গণস্বাক্ষর সংগ্রহ করেন। শেখ হাসিনার প্রতি যে মানুষের ভালোবাসা আস্থা ও বিশ্বাস সেটারই প্রতিফলিত হয়েছে গণস্বাক্ষরের মাধ্যমে। আন্দোলন সংগ্রাম ও জনগণের তোপের মুখে পড়ে শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয় সেনা সর্মথিত সরকার। এরপর আবার জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে ২০০৮ সালে নির্বাচনের মাধ্যমে। এর ধারাবাহিকতায় টানা তৃতীয়বার সরকার গঠন করার পরে দেশের মানুষের ভাগ্য ও দেশের উন্নয়নের চিত্র পাল্টে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর