কক্সবাজারের টেকনাফে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি বিদেশী পিস্তল, একটি দেশীয় তৈরি অস্ত্র ও গুলি।
শুক্রবার (১৬) ভোরে টেকনাফের জাদিমুরা ক্যাম্পে পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় র্যাবের দুই সদস্য আহত হন।
নিহত রোহিঙ্গা ডাকাত জাদিমুড়া ২৭নং রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের বশির আহমদের পুত্র শীর্ষ ডাকাত হাশেম উল্লাহ(৩৩) বলে নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর তানভীর হাসান।
র্যাব জানায়, শুক্রবার ভোরে টেকনাফ উপজেলার জাদিমুড়া ২৭নং রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ের পাদদেশে ডাকাত দলের মধ্যে গুলাগুলির সংবাদ পেয়ে র্যাব ঘটনাস্থলে পৌঁছলে ডাকাতদল র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এসময় র্যাবও আত্মরক্ষার্থে পালটা গুলি ছুঁড়লে ডাকাতদল পিছু হটে। কিছুক্ষন পর পরিস্থিতি স্বাভাবিক হলে ঘটনাস্থল থেকে র্যাব দেশী বিদেশী দুটি অস্ত্র ও গুলিসহ গুলিবিদ্ধ অবস্থায় আহত এক রোহিঙ্গা ডাকাতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃতদেহটি পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় আইনী প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।
বিশেষ প্রতিনিধি/বার্তা বাজার/এসবি