পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদ্য সাবেক সিনিয়র সচিব ড. শামসুল আলম পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। দীর্ঘ ১ যুগ ধরে তিনি এই বিভাগে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করে আসছেন।
৩০ জুন তার মেয়াদ শেষ হওয়ায় আগামী রোববার (১৮ জুলাই) প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। শুক্রবার (১৬ জুলাই) সকালে তিনি নিজেই গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।
এ বিষয়ে ড. শামসুল আলম বলেন, প্রধানমন্ত্রী আমাকে জিইডিতে যে দায়িত্ব দিয়েছিলেন, সেটি আমি সূচারু রূপে পালন করেছি। এখন যে বিশ্বাস ও আস্থা রেখে নতুন দায়িত্ব দিচ্ছেন, সেটিও যথাযথভাবে পালন করব ইনশাআল্লাহ। আমার প্রধান কাজ হবে— উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গতি বৃদ্ধি করা।
২০০৯ সালের ১ জুলাই পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে যোগদান করেন ড. শামসুল আলম। কর্মজীবনে তিনি দারিদ্র বিমোচন কৌশলপত্র সংশোধন ও পূর্ণ বিশ্বাস, ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা, জাতীয় টেকসই উন্নয়ন কৌশলপত্র, শতবর্ষের ডেল্টা প্ল্যানসহ নানা পরিকল্পনা প্রণয়ন করার মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে গেছেন। স্বীকৃতি স্বরূপ ইতোমধ্যে তিনি পেয়েছেন অর্থনীতিতে একুশে পদক।
পেশাগত জীবনে ড. শামসুল আলম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩৫ বছর অধ্যাপনা শেষে প্রেষণে ছুটিতে যান।
বার্তা বাজার/এসজে