২০০৫ সালে নেত্রকোনায় উদীচী কার্যালয়ে বোমা হামলার খলনায়ক জেএমবি সদস্য আসাদুজ্জামান পনিরের ফাঁসির রায় কার্যকর হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) রাত ১১টার দিকে গাজীপুরের কাশিমপুর হাই-সিকিউরিটি কারাগারে এই ফাঁসি কার্যকর হয়।
আসাদুজ্জামান পনিরের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কানাইকরস্থান গ্রামে। তিনি একই এলাকার ফজলুল হক চৌধুরীর ছেলে।
এ বিষয়ে কারাগারের জেলার দেব দুলাল কর্মকার জানান, আইনি প্রক্রিয়া শেষে আসাদুজ্জামানের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ পাহারায় স্বজনরা তার মরদেহ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন।
পনিরের মৃত্যু নিশ্চিত করেন সিভিল সার্জন অফিসের প্রতিনিধি ডা. আশিফ রহমান ইভান। তার ফাঁসি কার্যকর করেন জল্লাদ শাহজাহান।
মৃত্যুদণ্ড কার্যকরের সময় সেখানে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় কারা উপ-মহাপরিদর্শক তৌহিদুল ইসলাম, জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাসরীন সুলতানা, সিভিল সার্জন ডা. খাইরুজ্জামান এবং পুলিশ কমিশনারের পক্ষে অতিরিক্ত পুলিশ কমিশনার জাকির হোসেন।
জানা যায়, ২০০৫ সালের ৮ ডিসেম্বর নেত্রকোনায় উদীচী কার্যালয়ে বোমা হামলায় সহযোগিতা করেন জেএমবি সদস্য পনির। ওই হামলায় ৮ জন নিহত ও আহত হয় অসংখ্য। এ ঘটনায় তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা দায়ের করা হয়।
২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি নেত্রকোনা থানায় দায়ের করা মামলা নং- ০৮(১২)২০০৫ ধারা-১২০ বি/৩০২/৩৪/১০৯-তে তাকে মৃত্যুদণ্ড দেন আদালত। দীর্ঘদিনের আইনী প্রক্রিয়া শেষে তার ফাঁসি কার্যকর করেন আদালত।
বার্তা বাজার/এসজে