কিশোরগঞ্জে অবস্থিত উপমহাদেশের ঐতিহ্যবাহী ঈদগাহ শোলাকিয়ায় এবারও ঈদের জামাত হচ্ছে না। মহামারি করোনার প্রকোপে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার শোলাকিয়ায় ১৯৪তম জামাত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পাশাপাশি এই জেলার প্রত্যেক এলাকায় খোলা জায়গায় ঈদের নামাজ আদায়ে নিষেধ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুলাই) শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটি ভার্চুয়ালি সভা করে এই সিদ্ধান্ত নেয়। এতে সভাপতিত্ত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। এসময় সেখানে উপস্থিত ছিলেন শোলাকিয়া কমিটির কার্যকরী কমিটি ও সাধারণ পরিষদের সদস্যরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ।
সভায় বক্তারা জানান, কিশোরগঞ্জ জেলায় করোনার ঊর্ধ্বগতি রয়েছে। প্রতিদিন শতাধিক আক্রান্ত হচ্ছেন, গড়ে পাঁচজন করে রোগীর মৃত্যু হচ্ছে। ঈদকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন শহর থেকে গ্রামের বাড়িতে লোকজন আসছে। তাদের কেউ কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারেন। এ অবস্থায় সার্বিক দিক বিবেচনায় নিয়ে শোলাকিয়া ঈদগাহ ময়দানসহ জেলার সব ময়দান ও খালি জায়গায় জামাত না করার সিদ্ধান্ত নেওয়া হয়।
অনুষ্ঠিত সভা থেকে স্বাস্থ্যবিধি মেনে জেলার সকল মসজিদে নামাজ আদায়ের নির্দেশনা দেওয়া হয়। এ বিষয়টি নিশ্চিত করার জন্য বলা হয় ইসলামিক ফাউন্ডেশনকে।
সভায় আরও বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, মাঠ কমিটির সম্পাদক ও সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর কাদির মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাক সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজল, পৌর মেয়র মাহমুদ পারভেজ, কমিটির সদস্য মো. আযহার আলী প্রমুখ।
বার্তা বাজার/এসজে