এরিককে অসুস্থ ও অস্বাভাবিক শিশু বলে মন্তব্য করলেন জিএম কাদের

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদের পুত্র এরিক এরশাদ সুস্থ ও স্বাভাবিক নয় উল্লেখ করে জাপার চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, শিশুর ঘোষণায় একটি রাজনৈতিক দল সৃষ্টি হতে পারে না। একটি রাজনৈতিক দল গঠন করতে আইন ও বিভিন্ন নীতিমালা রয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) রাজধানীতে এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থদের মধ্যে খাদ্যদ্রব্য বিতরণকালে তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের সঙ্গে কথা না বলেই তাকে চেয়ারম্যান ঘোষণা- এমন সংবাদ গণমাধ্যমে প্রকাশ ও প্রচার করা কতটা যুক্তিযুক্ত হয়েছে তা বিবেচনা করা উচিত ছিল। নিউজ প্রকাশ ও প্রচারের আগে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে অবশ্যই কথা বলা উচিত ছিল গণমাধ্যমের।

কারও ইন্ধনে এমন বিভ্রান্তি ছড়ানো হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে জাপা চেয়ারম্যান বলেন, গণমাধ্যমের উচিত বিষয়টি খতিয়ে দেখা। তিনি বলেন, সন্ধ্যায় জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, চেয়ারম্যান হওয়ার কোনো ইচ্ছেই নেই তার। দক্ষতার সঙ্গে জাতীয় পার্টিকে শক্তিশালী করতে বিভিন্ন উদ্যোগের প্রশংসাও করেছেন রওশন এরশাদ।

তিনি আরও বলেন, বাজেট তৈরি হয় দেশের জনগণের ট্যাক্সের টাকায়। এ টাকার মালিক দেশের জনগণ। তাই সেখান থেকে প্রতি মাসে দরিদ্র পরিবারপ্রতি অন্তত ১০ হাজার টাকা দিলে দেশের মানুষ বাঁচতে পারবে। লকডাউনও সফল হবে। মেগা প্রকল্প বাস্তবায়নের চেয়ে মানুষের জীবন বাঁচানো জরুরি।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর