নবীনগরে প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা উদ্বোধন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরে প্রবাসী কল্যাণ ব্যাংকের ৮৪তম শাখা চালু করা হয়েছে। বৃহস্পতিবার ( ১৫ জুলাই) দুপুরে ভার্চুয়াল এর মাধ্যমে এ শাখার উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ।অনুষ্ঠানটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল,প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের চেয়ারম্যান ড. আহমেদ মুনিরুল সালেহীন।
প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালে সংযুক্ত ছিলেন, নবীনগর উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, পৌর মেয়র এডভোকেট শিব শংকর দাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক, ভার্চুয়ালে সংযুক্ত থেকে ব্যাংকের উদ্বোধনী ফলক উন্মেচন করেন নবীনগর প্রেসক্লাব সভাপতি জালাল উদ্দিন মনির,বাংলাদেশ ইসলামী ব্যাংক নবীনগর শাখার ব্যাবস্থাপক মো. শহিদউল্লাহ ও প্রবাসী কল্যান ব্যাংকের নবীনগর শাখা ব্যাবস্থাপক বদরুল আমিন খান।
উদ্বোধনী অনুষ্ঠানে মোহাম্মদ এবাদুল করিম বুলবুল বলেন, আজকে নবীনগরবাসীর জন্য একটি বিশেষ দিন। কারণ নবীনগরের প্রচুর মানুষ বিদেশে কাজ করেন। আজকে প্রবাসী কল্যাণ ব্যাংক প্রতিষ্ঠিত হওয়ার কারণে নবীনগরবাসী উপকৃত হবে।
প্রবাসী কল্যাণ ব্যাংক দেশে নতুন খাত সৃষ্টি করে অর্থনীতির চালিকাশক্তি হিসেবে ভূমিকা রাখছে। ব্যাংকের কর্মকর্তাদের দক্ষতা ও সক্ষমতা বাড়িয়ে দায়িত্বের অংশ হিসেবে প্রবাসীদের সেবায় অংশগ্রহণ করার জন্য তিনি আহ্বান জানান।
তিনি বলেন, বিদেশফেরত কর্মীদের পুনর্বাসনে সরল সহজ শর্তে বিশেষ ঋণ প্রদানের মাধ্যমে প্রবাসী কল্যাণ ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রবাসীকর্মীদের কল্যাণের কথা বিবেচনা করে ব্যাংকের সেবার মান বৃদ্ধি ও অবকাঠামো শক্তিশালী করতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।
মোঃ আক্তারুজ্জামান/বার্তা বাজার/টি