অক্সিজেন নিয়ে প্রতারণার অভিযোগে আটক ৪

পাবনা জেনারেল হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার সংকট আছে, এমন প্রচার চালিয়ে নিজেদের কাছে রাখা অক্সিজেন দিয়ে প্রতারণার মাধ্যমে ব্যবসা করার অভিযোগে হাসপাতাল চত্বর থেকে চারজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় ১৪টি অক্সিজেন সিলিন্ডারও জব্দ করা হয়।

বৃহস্পতিবার দুপুরে গোয়েন্দা পুলিশের একটি দল তাদের আটকের পর ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে দোষী সাবস্ত করে কারাদন্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মামুন সরকার।

দন্ডপ্রাপ্তরা হলেন, শহরের শালগাড়িয়া মহল্লার সুলতান হোসেনের ছেলে মাসুদুর রহমান (৪৫) ও শালগাড়িয়া শাপলা মোড়ের কাজী ফরহাদ হোসেনের ছেলে কাজী আকাশ (২৫) কে একমাসের কারাদন্ড দেয়া হয়। একইসাথে শালগাড়িয়ার আবু সাঈদের ছেলে আফজাল হোসেন (২৫) ও ঝন্টু হোসেনের ছেলে জীবন হোসেন (২২) কে পনেরদিনের কারাদন্ড দেয়া হয়।

পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বলেন, করোনাকালীন এই সময়ে সরকারি হাসপাতালের পরিবেশ নষ্ট করে অপপ্রচার চালিয়ে কেউ যে কোন ধরনের সুবিধা হাসিলের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান থাকবে।

তিনি বলেন, পাবনা জেনারেল হাসপাতালে অক্সিজেনের কোন সংকট নেই। পাশাপাশি জেলায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন অসহায় রোগীদের বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করছেন, প্রয়োজনে তাদের সহযোগিতা নেয়ার আহবান জানান।

মোঃ মাসুদ রানা/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর