ঈদ-উল-আযহা উপলক্ষে গরুর ট্রাক ও বাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে মানিকগঞ্জের সিংগাইরে ৩ ডাকাতকে গ্রেফতার করেছে সিংগাইর থানা পুলিশ।
বুধবার(১৪ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ড নগর রাস্তার পাওয়ার প্লান্ট এলাকায় অভিযান চালিয়ে তিন ডাকাতকে গ্রেফতার করেন। এসময় আসামীদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত একটি চাইনিজ কোড়াল, ৩০ ইঞ্চি লম্বা একটি রামদা, ৩ ফুট লম্বা একটি কাঠের হকস্টিক, ৫৪ ইঞ্চি লম্বা একটি লোহার রড উদ্ধার করে জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত ডাকাতরা হলো- উপজেলার চান্দহর ইউনিয়নের সোনাটেংরা গ্রামের মৃত আছর উদ্দিন ওরফে আসালতের ছেলে ফালান ওরফে ফালু (৩৮), বলধারা ইউনিয়নের পারিল-খোয়ামুড়ি গ্রামের মোঃ সোনা মিয়ার ছেলে মোঃ মহিদুর রহমান ওরফে শামীম (২৭) ও ডিগ্রীচর-ধাইরা পাড়া গ্রামের মৃত আনছার আলীর ছেলে মোঃ আসলাম (৪২)।
থানা পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ জেলা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার (১৫ জুলাই) রাত দেড়টায় সিংগাইর থানাধীন ধল্লা গ্রামস্থ পুরাতন পাওয়ার প্লান্ট নামক জায়গায় ডাকাতির পূর্ব প্রস্তুতিকালে ডাকাতদের গ্রেফতার করা হয়।
এসময় ডাকাত দল স্থানীয় বাড়িতে ও গরুর ট্রাক থেকে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে জানা যায়।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্যা জানান, আসামিদেরকে রিমান্ডের আবেদনসহ আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত প্রত্যেক ডাকাতের বিরুদ্ধে সিংগাইর থানাসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও চুরির মামলা রয়েছে।
মিলন মাহমুদ/বার্তা বাজার/টি