নব নির্মিত সড়কের কালভার্ট ভেঙ্গে যোগাযোগ বন্ধ!

নবনির্মিত লামার ইয়াংছা বাজার হতে মাঝেরপাড়ি হয়ে চকরিয়া সড়কের কালভার্ট ভেঙে যোগাযোগ বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ৬টায় ইয়াংছা বাজারপাড়ার কালভার্টে এ ঘটনা ঘটে।

জানা যায়, পাথরবোঝাই একটি ট্রাকের চাকা ঢুকে যাওয়ায় লামার ইয়াংছা-জিদ্দাবাজার সড়কের যোগাযোগ বন্ধ রয়েছে।

ইয়াংছা এলাকার ওয়ার্ড মেম্বার মো. কামাল উদ্দিন বলেন, সকালে চট্টগ্রাম থেকে আসা পাথরবোঝাই একটি বড় ট্রাক ইয়াংছা-জিদ্দাবাজার সড়কের কালভার্টের ওপর উঠলে এটি ভেঙে ট্রাকের পেছনের দুই চাকা ঢুকে যায়। এ কারণে এ সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

এ দিকে ট্রাকের চালক মো. মহিন উদ্দিন জানান, চট্টগ্রাম থেকে গতকাল রাতে ৩০টন পাথর বোঝাই করে আলীকদমে নিয়ে যাচ্ছিলাম। পাথরগুলো আলীকদম-কুরুকপাতা-পোয়া মুহুরী সড়ক নির্মাণ কাজে নিয়োজিত সেনাবাহিনীর ১৬ ইসিবির।

স্থানীয় এলাকাবাসী মো. আরিফুল ইসলাম ও পাড়ার সরদার মো. শাহ আলম জানান, গত বছর এ সড়কটি নির্মাণ করে কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগ। সড়ক নির্মাণ চলাকালে পুরোনো এ কালভার্টটি নতুন করে নির্মাণ করে দেওয়ার দাবি জানালেও তাঁরা তা না করে কালভার্টের ওপর কার্পেটিং বসিয়ে কাজ শেষ করে চলে যায়। এ কারণে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।

এ ব্যাপারে লামা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. রেজা রশিদ বলেন, ট্রাকটি দ্রুত সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এম. মিজানুর রহমান/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর