শেখ মজিবুর রহমানকে ‘বংগবন্ধু ‘উপাধির উদ্ভাবক, বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক চৌধুরী মোশতাকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক এডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার।
উল্লেখ্য, ১৯৬৯ এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আগরতলা মামলা থেকে মুক্তি পান শেখ মুজিবুর রহমান। তিনি তখন বাঙালি জাতির অবিসংবাদিত নেতারূপে আত্মপ্রকাশ করেন। ৬৯ এর ২৩ ফেব্রুয়ারি ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানের গণসংবর্ধনায় স্বাধীনতার রূপকার সিরাজুল আলম খানের পরিকল্পনায় ছাত্র-জনতার পক্ষ থেকে ডাকসুর সহ-সভাপতি কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক তোফায়েল আহমেদ আনুষ্ঠানিকভাবে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন। তবে শেখ মুজিবুর রহমানকে প্রথম বঙ্গবন্ধু উপাধি দেন ছাত্রলীগ নেতা রেজাউল হক চৌধুরী মোশতাক।
রেজাউল হক চৌধুরী মোশতাক স্মৃতিচারণে বলেন ১৯৬৭ সালে ঢাকা কলেজ ছাত্রলীগ ‘প্রতিধ্বনি’ নামক একটি মাসিক পত্রিকা বের করত। সে পত্রিকার একটা সংখ্যায় আমি সারথি ছদ্মনামে ‘আজবদেশ’ শীর্ষক একটা নিবন্ধ লিখি। লেখাটির শেষ দিকে বঙ্গশার্দুল শেখ মুজিবের পাশে প্রথম ‘বঙ্গবন্ধু’ শব্দটি ব্যবহার করি।
এক শোক বাণীতে বলেন বঙ্গবন্ধু উচ্চারণের সাথে রেজাউল হক চৌধুরী মোশতাক স্মরণীয় হয়ে থাকবেন।
নেতৃবৃন্দ বলেন বাংলাদেশের স্বাধীকার থেকে স্বাধীনতা আন্দোলনের অন্যতম সংগঠক ও যোদ্ধা রেজাউল হক চৌধুরী মোশতাক ছিলেন একজন খাটি দেশপ্রেমিক।
স্বাধীনতা পরবর্তীতে স্বাধীন দেশের উপযোগী একটি রাষ্ট্র ব্যবস্থার লক্ষ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি গঠন করে জনগণের ক্ষমতায়নের জন্য আন্দোলন সংগ্রাম রচনা করেছিলেন।
তাঁর মৃত্যুতে দেশ হারালো একজন অকুতোভয় দুঃসাহসী সৈনিককে। এসময় প্রয়াত নেতার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
বার্তা বাজার/টি