‘বঙ্গবন্ধু’ উপাধির প্রবক্তা মুশতাকের মৃত্যু, ভূমিমন্ত্রীর শোক

বীর মুক্তিযোদ্ধা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু উপাধির প্রবক্তা, সাবেক ছাত্রলীগ নেতা রেজাউল হক চৌধুরী মুশতাক (৭১) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার রাত ১২টা ৪৫ মিনিটে ঢাকায় ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান। তাঁর মৃত্যুতে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি গভীর শোক জানিয়েছেন।

শোকবার্তায় ভূমিমন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপণ করেন। মরহুমের জানাজা বৃহস্পতিবার বাদ মাগরিব গুলশান-২ আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। তিনি চট্টগ্রামের আনোয়ারার ভিংরোল হাইলধর চৌধুরী বাড়ির সন্তান। ১৯৭০ সালে মুশতাক বঙ্গবন্ধুর জীবনীও লেখেন। ১৯৫০ সালের ১১ আগস্ট চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার ভিংরোল গ্রামের মিয়াবাড়িতে জন্মগ্রহণ করেন রেজাউল হক চৌধুরী মুশতাক। তাঁর বাবা মরহুম নুরুল হক চৌধুরী এবং মা মরহুমা মুসলিম আরা। গ্রামের বাড়ি আনোয়ারা হলেও তিনি চট্টগ্রাম শহরের পাথরঘাটায় ছোটবেলা থেকে জীবনের একটি উল্লেখযোগ্য সময় পার করেছেন। চট্টগ্রাম সরকারি মুসলিম হাইস্কুলে অধ্যয়নকালে ১৯৬৫ সালে তিনি ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। স্কুলের ছাত্র অবস্থায় তিনি ১৯৬৬-৬৭ সালে নির্বাচিত হন চট্টগ্রাম নগর ছাত্রলীগের নির্বাহী কমিটির কনিষ্ঠতম সদস্য।

মুসলিম হাইস্কুল থেকে ১৯৬৭ সালে এসএসসি পাস করার পর রেজাউল হক চৌধুরী মুশতাক ভর্তি হন ঢাকা কলেজে। ১৯৬৭ সালে তিনি ঢাকা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৭০ সালে তিনি নির্বাচিত হন তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সহদপ্তর সম্পাদক। ছাত্রজীবন শেষে রেজাউল হক চৌধুরী মুশতাক ব্যবসা ও সমাজসেবা মূলক কর্মকা-ের সঙ্গে যুক্ত হন। তিনি মৃত্যুর আগপর্যন্ত কেএন হারবার কনসোর্টিয়াম লিমিটেডের চেয়ারম্যান হিসেবে শিপিং, ইনডেনটিং, আমদানি ও রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। ছিলেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সদস্যও। ২০১২-১৩ সালে রেজাউল হক চৌধুরী মুশতাক চট্টগ্রাম সমিতি, ঢাকার সভাপতির দায়িত্ব পালন করেন।

তাঁর মৃত্যুতে আনোয়ারা-কর্ণফুলীতে শোকের ছায়া নেমে এসেেছ। পৃথক-পৃথক ভাবে আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী, কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম.এ মালেক, কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রণি, ভূমিমন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম গভীর শোক জানিয়েছেন।

হুমায়ূন কবীর শাহ সুমন/বার্তা বাজার/মেরাজ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর