চট্টগ্রামে মেরিন সিটি হাসপাতালে কমিশনার কার্যালয়ের পরিদর্শন
বৃহস্পতিবার (১৫ জুলাই) চট্টগ্রাম মেরিন সিটি হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা সম্ভাবনা যাচাইয়ে পরিদর্শনে যান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মিজানুর রহমান, চট্টগ্রাম জেলা প্রশাসক মোঃ মমিুনুর রহমান ও জেলা সিভিল সার্জন ডাঃ শেখ ফজলে রাব্বি।
শেখ ফজলে রাব্বি জানান, মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেনসহ আড়াইশ শয্যা রয়েছে। আগে থেকেই হাসপাতালটিতে তিনটি আইসিইউ শয্যাসহ রয়েছে এইচডিইউ সুবিধাও। যদিও বর্তমানে হাসপাতালটিতে ৪০ শয্যা কোভিড রোগীদের চিকিৎসায় ব্যবস্থা রয়েছে। রয়েছে ৬ শয্যার আইসিইউ এবং ১২ শয্যার এইচডিইউ সুবিধা। তবে সংকটময় পরিস্থিতিতে তা খুবই অপ্রতুল। এমতাবস্থায় পুরো হাসপাতালটিকে কোভিড ডেডিকেটেড করা হলে এ সংকটময় পরিস্থিতিতে বড় সহায়ক হিসেবে ভূমিকা রাখবে বলে মত স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডাঃ শেখ ফজলে রাব্বি আরো বলেন, পরিদর্শনে গিয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনা হয়েছে ৷ বর্তমানে তাদের ৬টি আইসিইউ থাকলেও দ্রুত সময়ের মধ্যে তা ১২টি করার জন্য বলা হয়েছে। একই সাথে ১২টি এইচডিইউ এর স্থলে ২৪টি করার কথা বলা হয়েছে। পাশাপাশি সাধারণ শয্যাও আরো বাড়ানোর তাগিদ দেয়া হয়েছে। এক্ষেত্রে যদি কোন চাহিদা থাকে, তাও আগামী শনিবারের মধ্যে পাঠাতে বলা হয়েছে। আমরা তাদের এ বিষয়ে সহযোগিতা করবো।
ইতোমধ্যে এই হাসপাতালে আইসিউ, এইচডিউ সহ সাধারণ শয্যা দ্বিগুণ করার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান শেখ ফজলে রাব্বি।
মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী/বার্তা বাজার/মেরাজ