ঈদকে সামনে রেখে ১৫ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত চলমান লকডাউন শিথিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। লকডাউন শিথিল করায় সংক্রমণ হার বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ সম্প্রসারণ ও ওপিডি শেড উদ্বোধনকালে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, লকডাউন শিথিল করা হলেও যদি স্বাস্থ্যবিধি মেনে চলা যায় তাহলে সংক্রমণের হার নিয়ন্ত্রণে থাকবে। অন্যথায় সংক্রমণ হার বাড়তে পারে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঈদে আমরা এমনভাবে ঘোরাফেরা না করি যাতে করে ঈদের আনন্দ যেন দুঃখে পরিণত না হয়। মানুষ সংক্রমিত হয়ে মরলে ঈদ আর ঈদ থাকবে না। তখন আমাদের মাতম করতে হবে।
তিনি আরও বলেন, দেশে করোনার সংক্রমণ উর্ধ্বমুখী। কিছু বিভাগে উর্ধ্বমুখী আর কিছু বিভাগে স্থিতিশীল। দেশে প্রায় ১৫ হাজার বেড রয়েছে, এর মধ্যে ৭৫ শতাংশ বেডেও রোগী রয়েছে। এই অবস্থায় সংক্রমণ হার কমাতে হবে।
সংক্রমণের হার কমাতে হলে অবশ্যই শতভাগ স্বাস্থ্যবিধি মানতে হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
বার্তা বাজার/নব