ঈদুল আজহাকে সামনে রেখে ১৫ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত চলমান লকডাউন শিথিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে আজ থেকে চলছে বাস, ট্রেন ও লঞ্চসহ সকল গণপরিবহন।
গণপরিবহন চলার ক্ষেত্রে ৫টি শর্ত দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।
বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে রাজধানীর সায়েদাবাদ, যাত্রাবাড়ী এলাকা ঘুরে দেখা এ চিত্র দেখা গেছে। সদরঘাট লঞ্চ টার্মিনালেও এ দৃশ্য দেখা গেছে। কাউন্টারে যাত্রীদের ভিড় রয়েছে। সামাজিক দূরত্ব মানার ব্যাপারে তারা উদাসীন। অনেকের মুখে মাস্ক ছিল না। গাড়িতে ওঠার আগে যাত্রীদের জন্য স্যানিটাইজারের ব্যবস্থাও রাখা হয়নি।
অর্ধেক আসন ফাঁকা রেখে বাস চলবে। তবে কিছু কিছু বাসে দুই সিটে দুইজন বসে যেতে দেখা গেছে। ভাড়া নেওয়া হচ্ছে সরকার নির্ধারিত ৬০ শতাংশ বেশি।
এদিকে লঞ্চ টার্মিনাল ঘুরে দেখা গেছে, সকাল থেকেই সদরঘাটে যাত্রীদের ভিড়। যাত্রীদের মাস্ক ব্যবহার করতে দেখা গেলেও স্বাস্থ্যবিধি উপেক্ষিত ছিল। অনেকেই মাস্ক নামিয়ে রাখছেন। সামাজিক দূরত্ব বার বার প্রচারণা করেও মানানো যাচ্ছে না।
তবে লঞ্চ মালিক ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক ব্যবহারের বিষয়টি নিশ্চিতের জন্য কাজ করতে দেখা গেছে।
বার্তা বাজার/নব