আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার থেকে যাত্রাবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে লোকাল ট্রেনে স্বাস্থ্যবিধি মানানো কিছুটা কঠিন বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
বৃহস্পতিবার (১৫ জুলাই) রাজধানীর কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
রেলমন্ত্রী বলেন, লোকাল ট্রেনের স্বাস্থ্যবিধি নিশ্চিত নিয়ে আমাদেরও শঙ্কা রয়েছে। কেননা লোকাল ট্রেন প্রতিটি স্টেশনে থামে এবং সেখান থেকে অনেক যাত্রী ওঠে। এটা বন্ধ করা গেলে স্বাস্থ্যবিধি মানানো সম্ভব। সেখান স্বাস্থ্যবিধি মানানো একটু কঠিন।
তিনি বলেন, আমরা স্বাস্থ্যবিধি মেনে ট্রেন পরিচালনার চেষ্টা করছি। রেলের পরিবারের প্রত্যেক সদস্য এ ব্যাপারে কাজ করে যাচ্ছে। কিন্তু স্টেশনে গাড়ি থামার সঙ্গে সঙ্গে হুড়োহুড়ি করে মানুষ ট্রেনে উঠে যায়। যা বন্ধ করার মেকানিজম আমাদের নেই।
বার্তা বাজার/নব