এনআইডি কার্ড ও পাসপোর্টসহ রোহিঙ্গা আটক
মিয়ানমার থেকে উদ্বাস্তু হয়ে পালিয়ে এসে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে অবস্থান নেয়া রোহিঙ্গাদের অনেকে কৌশলে হাতিয়ে নিচ্ছে জাতীয় পরিচয় পত্র ও পাসপোর্ট। ঠিক এমনই এক তৈয়ব নামের রোহিঙ্গাকে আটক পরবর্তী তার মোবাইল ফোন থেকে এনআইডি কার্ড ও পাসপোর্ট এর ছবি উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৬-এপিবিএন)।
বুধবার (১৪ জুলাই) কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের উনচিপ্রাং ২২নং রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে আটক করা হয়। সে ওই ক্যাম্পের রোহিঙ্গা আবু শামার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ১৬ এপিবিএন এর আধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২২নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক সি/৫ এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার মোবাইল ফোন তল্লাশী করে তার নামে (৩৩০২৫৪৮৩৫৩) নামারের একটি এনআইডি (স্মার্ট) কার্ড, (BJ0536724) নাম্বারের একটি বাংলাদেশী পাসপোর্ট ও ইউএনএসসিআর নং (P57-17C42386) একটি রোহিঙ্গা কার্ডের ছবি উদ্ধার করা হয়। পরে তাকে ক্যাম্প ইনচার্জের অফিসে হাজির করা হলে এনআইডি কার্ড ও পাসপোর্টের মূল কপিসহ বৃহস্পতিবার (১৫ জুলাই) সিআইসি অফিসে হাজির হওয়ার শর্তে হেড মাঝির জিম্মায় ছেড়ে দেয়া হয়।
এদিকে, এনআইডি কার্ডটিতে নিজের নাম তৈয়ব পাল্টিয়ে মোঃ খালেদ হোসেন সাজিয়ে, হোল্ডিং -১৪৪২, গ্রাম/রাস্তা- সবুজবাগ, রামপুর, ডাকঘর- হালিশহর, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ঠিকানা উল্লেখ রয়েছে। এছাড়াও পাসপোর্টে জন্মস্থান ঢাকা এবং স্থায়ী ঠিকানা হালিশহর হাউজিং স্টেইট বলে উল্লেখ রয়েছে।
তবে এসব অপকর্ম কিভাবে কার সহযোগীতায় করেছে সে বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি অভিযান পরিচালনাকারী সূত্রটি।
বার্তাবাজার/পি