ফরিদপুরের বোয়ালমারীতে ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে একটি বাড়ি ও ৮টি দোকানের মালামাল পুড়ে সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে গেছে।
বুধবার(১৪ জুলাই) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার কাদিরদি বাজারে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ প্রায় তিন কোটি টাকা বলে জানিয়েছেন স্থানীয় ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে বোয়ালমারী ও মধুখালী থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও এলাকাবাসীর যৌথ সহযোগিতায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
স্থানীয়রা ও বাজারের ব্যবসায়ীরা জানান, রাত দশটার দিকে বাজারের গৌতম দত্তের কসমেটিক্সের দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা বাজারের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। পরে আগুনে গৌতম দত্তের কসমেটিক্সসের দোকান, বিভূতি ভূষণ দাসের ধান ও কাপড়ের দোকান,দীনেশ ঘোষের মুদি দোকান,আইয়ুব মোল্লার মুদি-হার্ডওয়্যার দোকান, রিপন ঘোষের হার্ডওয়্যার, মুরাদ সেখের মুদি-ষ্টেশনারী দোকান, মোশাররফ হোসেনের বইয়ের লাইব্রেরী ও আকরামুল আলম টনির পাট-ধান ভূষিমালের গোডাউনসহ বাড়ির মালপত্র পুড়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন জানান, খবর পেয়ে বোয়ালমারী ও পার্শ্ববর্তী মধুখালী উপজেলার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হলেও ততক্ষণে আটটি দোকান ও একটি বাড়ির মালামাল সব পুড়ে ছাই হয়ে যায়। দুই উপজেলার ফায়ার সার্ভিস ও স্থানীয়বাসিন্দাদের প্রচেষ্টার কারণে বাজারের শতাধিক দোকান আগুনের হাত থেকে রক্ষা পায়। এতে প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও তিনি প্রাথমিকভাবে জানান।
বোয়ালমারী ফায়ার সার্ভিসের ষ্টেশন ম্যানেজার আ. ছত্তার মোল্যা জানান, ‘প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে তিনি প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাননি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে তিনি আরও জানান।’
মিয়া রাকিবুল/বার্তাবাজার/পি