আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে চলমান লকডাউন শিথিল করেছে সরকার। আজ লকডাউন শিথিলের প্রথম দিন। প্রথম দিনেই মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে।
বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল থেকেই নাড়ির টানে রাজধানী ছাড়ছেন মানুষ। ছোট-বড় যানবাহনে চড়ে ঘাটে উপস্থিত হচ্ছেন যাত্রীরা। এতে ঘাটে মানুষের পাশাপাশি যানবাহনের ঢল নেমেছে।
তবে আজ থেকে লঞ্চ চলাচল শুরু হওয়ায় ফেরিতে যাত্রীর চাপ কম। এদিকে লঞ্চগুলো সরকারি বিধিনিষেধ মানছে না। অর্ধেক যাত্রী নিয়ে চলার কথা থাকলেও অধিক যাত্রী নিয়ে চলছে লঞ্চ।
আসন্ন ঈদ উপলক্ষ্যে এ নৌরুটে ১০টি ফেরি ও ৭৮টি লঞ্চ চলাচল করছে বলে জানিয়েছেন বিআইডাব্লিউটিএ’র শিমুলিয়া নদী বন্দরের কর্মকর্তা শাহাদাত হোসেন।
তিনি জানান, বর্তমানে নৌরুটে ৭৮টি লঞ্চ চলাচল করছে। প্রত্যেক লঞ্চকে ৬০ ভাগ যাত্রী নিয়ে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে ঈদকে সামনে রেখে প্রচুর যাত্রীর সমাগম ঘটছে। তাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে লঞ্চে উঠার জন্য উৎসাহিত করা হচ্ছে।
বিআইডাব্লিউটিসি শিমুলিয়াঘাটের ব্যবস্থাপক ফয়সাল আহমেদ বলেন, নৌরুটে বর্তমানে ১০টি ফেরি চলছে। ঘাট এলাকায় পারাপারের জন্য যাত্রী ও পণ্যবাহী মিলিয়ে ৫ শতাধিক যানবাহন রয়েছে। পর্যায়ক্রমে সকল যানবাহন পারাপার করা হবে। লঞ্চ চালু হওয়ায় ফেরিতে যাত্রী চাপ কম। তবে গণপরিবহন ও প্রচুর ব্যক্তিগত গাড়ি ঘাটে আসায় পণ্যবাহী ট্রাক পারাপারে বেগ পেতে হচ্ছে।
মাওয়া নৌ-পুলিশের ইনচার্জ সিরাজুল কবির বলেন, ঈদকে সামনে রেখে বিধিনিষেধ শিথিল হওয়ায় ঘাটে প্রচুর যাত্রী ও যানবাহন আসছে। নিয়ম অনুযায়ী নৌযানগুলোতে যাত্রী পারাপারের জন্য নৌ-পুলিশ তদারকি করছে। যেসব লঞ্চে অধিক যাত্রী ধারণ করা হচ্ছে ও নিয়ম অমান্য করছে, তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
বার্তা বাজার/নব