মেডিকেল কলেজে ভর্তির প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ, গ্রেফতার ১

ঠাকুরগাঁওয়ে বিয়ের আশ্বাসে এবং মেডিকেল কলেজে ভর্তি করিয়ে দেওয়ার লোভ দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে চাকরিচ্যুত এক গাড়িচালককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৪ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও শহরের হোটেল সালাম ইন্টারন্যাশনালের একটি কক্ষ থেকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেফতার বাদল মিয়া (৩৫) ময়মনসিংহ জেলার নান্দাইল থানার হাটসিরা গ্রামের নুরুল ইসলামের ছেলে।

এর আগে বুধবার বেলা ১১টায় ঠাকুরগাঁও সদর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারায় মামলা করেন সেই নারী।

ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানিয়েছেন, বাদল মিয়া ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ফায়ার সার্ভিসে ড্রাইভার পদে চাকরি করত। সেই সুবাদে বাদীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের আশ্বাসে এবং মেডিকেল কলেজে ভর্তি করিয়ে দেওয়ার লোভ দেখিয়ে বাদল ওই তরুণীকে একাধিকবার ধর্ষণ করে।

এসময় সে কৌশলে ছবি ও ভিডিও ধরণ করেন। পরবর্তীতে ওই তরুণী বিয়ের জন্য চাপ দিলে সেইসব ভিডিও, ছবি ও কথোপকথন ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় বাদল। এছাড়া বাদল হুমকি দিয়ে তরুণীর কাছ থেকে ৬টি ফাঁকা চেকের পাতায় স্বাক্ষর করিয়ে নেন এবং একটি মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট সম্বলিত সিম কার্ড নেন।

গ্রেফতারের সময় তার কাছ থেকে স্বাক্ষরকৃত ফাঁকা ৩টি চেকবই, ৭টি চেকের পাতা, ফায়ার সার্ভিসের ২সেট ড্রেস, ৩টি মোবাইল হ্যাণ্ডসেট, ২টি পেনড্রাইভ এবং ১টি ডায়েরি উদ্ধার করে পুলিশ।

বাদল মিয়া বিভিন্ন মানুষকে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে ওই তরুণীর বিকাশ ও নগদ অ্যাকাউন্টে টাকা লেনদেন করত বলেও জানান ওসি।

উল্লেখ থাকে যে, চাকরি দেওয়ার নামে বিভিন্ন লোকের থেকে টাকা আত্মসাতের ঘটনা প্রমাণিত হওয়ায় ২০১৯ সালের ২৮ অক্টোবর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ তাকে চাকরি হতে বাধ্যতামূলক অবসর প্রদান করেছিল।

মনিরুজ্জামান মিলন/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর