জাতীয় দলের উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদ তারাকে অসুস্থ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। বুধবার (১৪ জুলাই) দুপুরে বগুড়া থেকে অ্যাম্বুলেন্স যোগে তাকে ঢাকায় আনা হয়।
ঢাকায় পাঠানোর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মুশফিকের ছোট চাচা মেজবাউল হামিদ।
এ বিষয়ে বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু বলেন, মাহবুব হামিদ তারা কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। মঙ্গলবার রাতে তার সিটিস্ক্যান করানো হয়। এতে তার ফুসফুসে সংক্রমণ দেখা গেছে এবং ২০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও জানান, করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি। তবে ফুসফুসের সংক্রমণ দেখার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্ভববত তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হতে পারে।
মুশফিকের ঘনিষ্ঠ বন্ধু বাপ্পি জানান, মুশফিকুরের বাবা মাহবুব হামিদ তারা সর্দি ও জ্বরে ভুগছিলেন। তার নমুনা পরীক্ষা করা হয়নি।যেহেতু সিটিস্ক্যান রিপোর্টে তার ফুসফুসে সংক্রমণ পাওয়া গেছে সেজন্য বাড়তি সতর্কতা হিসেবে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
এদিকে, বাবার অসুস্থতার খবর শুনে জিম্বাবুয়েতে সফররত মুশফিক আজই দেশে ফিরে আসছেন বলে জানা গেছে।
বার্তা বাজার/এসজে