সেজান জুস কারখানায় আগুন: মালিকের ২ ছেলের জামিন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাশেম ফুডস লিমিটেডের সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় ৮ আসামির মধ্যে ২ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। বাকিদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

বুধবার (১৪ জুলাই) চারদিনের রিমান্ড শেষে তাদেরকে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালতে নেওয়া হয়। এসময় আসামিপক্ষ জামিনের আবেদন করলে আদালত এই আদেশ দেন।

আসামিরা হলেন- সজীব গ্রুপের চেয়ারম্যান মো. আবুল হাসেম (৭০), তার ছেলে হাসীব বিন হাসেম ওরফে সজীব (৩৯), তারেক ইব্রাহীম (৩৫), তাওসীব ইব্রাহীম (৩৩), তানজীম ইব্রাহীম (২১), শাহান শান আজাদ (৪৩), মামুনুর রশিদ (৫৩) ও মো. সালাউদ্দিন (৩০)।

আসামিদের মধ্যে জামিন পাওয়া দু’জন হলেন- আবুল হাসেমের ছেলে তাওসীব ইব্রাহীম ও তানজীম ইব্রাহীম।

এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান।

এর আগে শনিবার (১০ জুলাই) ৮ আসামিকে গ্রেফতার করে আদালতে এনে ৩০২, ৩২৬, ৩২৫, ৩২৩, ৩২৪, ৩০৭ ধারায় হত্যা এবং হত্যা প্রচেষ্টার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে রিমান্ডের আবেদন করলে আদালত প্রত্যেকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (০৮ জুলাই) বিকালে রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় সেজান জুসের কারখানাত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ২৯ ঘন্টার চেষ্টা শেষে ঘটনাস্থল থেকে ৫২ জনের মরদেহ উদ্ধার করা হয়।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর