লকডাউন শিথিলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা স্বাস্থ্য অধিদপ্তরের
আসন্ন ঈদ উপলক্ষ্যে লকডাউন শিথিল করায় দেশের করোনা পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন।
বুধবার (১৪ জুলাই) দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত ভার্চুয়াল বুলেটিনে এ আশঙ্কার কথা জানিয়েছেন তিনি।
তিনি বলেন, ঈদুল আযহাকে উপলক্ষ্যে ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত ৮ দিন বিধিনিষেধ শিথিল করা হয়েছে। বিধিনিষেধ শিথিল করায় আমরা স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয় করোনা পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা করছি।
সরকার যে নির্দেশনা দিয়েছে সেগুলো আমাদের মানতে হবে উল্লেখ করে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র বলেন, এজন্য আমাদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধির প্রতি নজর দিতে হবে।
ডা. রোবেদ আমিন বলেন, বিধিনিষেধ শিথিল করা হলেও যদি সবাইকে সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলে তাহলে আশা করা যাচ্ছে সংক্রমণ এত ছড়াতে পারবে না। কিন্তু সেভাবে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না।
তিনি আরও বলেন, স্বাস্থ্যবিধি না মেনে চললে ঈদের পরে সংক্রমণ এবং মৃত্যুর হার বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তবে সরকার জানিয়েছে, সংক্রমণ প্রতিরোধে ঈদের পরপরই সরকারের নির্দেশনা অনুযায়ী আবারও ২ সপ্তাহের বিধিনিষেধ জারি করা হবে।
কোরবানির পশুর হাটে শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানিয়েছেন তিনি।
বার্তা বাজার/নব