করোনায় মারা যাওয়া গৃহবধূর গোসল করালেন ইউএনও

আক্রান্ত হওয়ার ভয়ে করোনায় মারা যাওয়া এক গৃহবধূকে গোসল করাতে রাজি হচ্ছিলোনা কেউ। যার ফলে লাশের জানাযা ও দাফন নিয়ে সমস্যার সৃষ্টি হয়। এ অবস্থায় তার গোসলের কাজে এগিয়ে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন।

ঘটনা বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের কুশাহাটা গ্রামের।

জানা যায়, মঙ্গলবার কুশাহাটা গ্রামের করোনায় আক্রান্ত রিনা বেগম(৫৫) এর অবস্থা গুরুতর হলে পরিবারের লোকজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে বিকেল ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত রিনা বেগমকে বাড়িতে নিয়ে আসলে দাফনের গোসলের জন্য কেউ রাজি ছিল না।

এ সময় তার গোসলের জন্য এগিয়ে আসেন সোনাতলার ইউএনও সাদিয়া আফরিন। গভীর রাতে করোনায় মৃত রিনা বেগমকে গোসল করান তিনি। পরে সোনাতলা থানার ওসি রেজাউল করিম রেজা, জোড়গাচা ইউপি চেয়ারম্যান রোস্তম আলী মণ্ডলসহ ১৫ জনের উপস্থিতিতে জানাযা শেষে তাকে দাফন করা হয়।

এদিকে ইউএনওর এমন কর্মকান্ডকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী ও সচেতন মহল।

খালিদ হাসান/ বগুড়া/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর