টিকা পেতে টাকা দিতে হচ্ছে প্রবাসী কর্মীদের

গণটিকা কার্যক্রমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে টিকা নিতে এসে ভোগান্তিতে পড়ছেন প্রবাসী কর্মীরা। প্রবাসীদের অভিযোগ, টিকা পেতে টাকা দিতে হচ্ছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, অভিযোগের সত্যতা পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, প্রথম ডোজ নিতে রেজিস্ট্রেশন করা এসএমএস পাওয়াদের টিকা দেয়ার পাশাপাশি মার্চে রেজিস্ট্রেশন করেও যারা প্রথম ডোজ নিতে পারেননি তাদের অগ্রাধিকার দেয়া হচ্ছে। করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর সবচেয়ে বেশি জোর দেয়া হলেও সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের জটলা দেখে বুঝার উপায় নেই যে চলছে কঠোর বিধিনিষেধ।

জানা যায়, রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে করোনার টিকা নিতে এসেছেন এসব মানুষ। দিনক্ষণ ঠিক থাকলেও অনিয়মের কারণে অনিশ্চয়তায় পড়েছেন টিকা নিতে আসা প্রবাসীরা। একদিকে অনিয়ম অন্যদিকে ভিসার মেয়াদ নিয়ে দুঃশ্চিন্তা।

তারা বলেন, এখানে কিছু আনসার সদস্য এবং দালালরা টাকা খেয়ে আমাদেরকে টিকা না দিয়ে অন্যদের টিকা দিয়ে দিচ্ছে। আমাদেরকে একবার বলছে টিকা নাই আবার বলছে আছে। কিন্তু তারা টাকা খেয়ে ঠিকই কিছু মানুষকে টিকার ব্যবস্থা করে দিচ্ছে।

ঢাকা মেডিক্যালে প্রবাসীদের টিকা দেয়া নিয়েও রয়েছে অনিয়মের অভিযোগ। তবে এসব অভিযোগ মানতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের মতে, অতিরিক্ত মানুষ আসায় বিশৃঙ্খলা দেখা দিচ্ছে।

সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. খলিলুর রহমান বলেন, আমি বলেছি আমার স্বাক্ষর ছাড়া কাউকে যাতে মেসেজ না দেয়া হয়। এখানে টাকা পয়সা লেনদেনের কোন সুযোগই নাই।

এদিকে, মার্চে রেজিস্ট্রেশন করেও যারা প্রথম ডোজ নিতে পারেননি তাদের অগ্রাধিকার দেয়া হচ্ছে। টিকা দেয়ার দিনক্ষণ না থাকলেও কেন্দ্র গেলেই মিলছে টিকা।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর