চট্টগ্রামে ছিনতাইকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার

চট্টগ্রামে ছিনতাইকারী চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, জাহাঙ্গীর প্রকাশ গাল কাটা জাহাঙ্গীর (২৫), মো. ইমন শরীফ প্রকাশ ইমন (১৯), মো. সাইফুল প্রকাশ সুমন (২৪), মো. মনির (২১), মো. নজরুল আহমেদ সাগর (২০) ও সাইদুর রহমান ইবু (২২)।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, ছিনতাই চক্রের লিডার জাহাঙ্গীর প্রকাশ গালকাটা জাহাঙ্গীর একজন শীর্ষ ছিনতাইকারী। কোরবানির পশু বেচাকেনা উপলক্ষে ক্রেতা ও বিক্রেতাদের টার্গেট করেই সে তার ৫ সহযোগী সহ জড়ো হয়েছিল।

মঙ্গলবার( ১৩ জুলাই) রাত সাড়ে দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর আগ্রাবাদ সিএন্ডএফ টাওয়ারের পাশে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড অফিসের প্রধান ফটকের সামনে থেকে ইমন, সুমন ও মনিরকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয় তাদের দলের প্রধান জাহাঙ্গীর প্রকাশ গাল কাটা জাহাঙ্গীরসহ আরও দুইজনকে।

এ সময় জাহাঙ্গীর পুলিশ থেকে বাঁচতে ব্লেড দিয়ে তার গাল কেটে ফেলে। যাতে পুলিশ তাকে আহত মনে করে না ধরে। এজন্য তার নাম গালকাটা জাহাঙ্গীর হিসেবে পরিচিত। তার নামে ৪টি মামলা রয়েছে। এছাড়া তার সহযোগীদের মধ্যে মোঃ ইমন শরীফ প্রকাশ ইমনের বিরুদ্ধে ৫টি, মোঃ সাইফুল প্রকাশ সুমনের বিরুদ্ধে ২টি, মোঃ নজরুল আহমেদ সাগরের বিরুদ্ধে ৪টি এবং সাইদুর রহমান ইবুর বিরুদ্ধে রয়েছে ১টি মামলা।

মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর