স্বাস্থ্যবিধি না মানলে যাত্রীসহ লঞ্চ মালিকদেরও জরিমানা: নৌপ্রতিমন্ত্রী

আসন্ন ঈদযাত্রায় স্বাস্থ্যবিধি না মানলে যাত্রীর পাশাপাশি লঞ্চ মালিকদেরও জরিমানার আওতায় আনা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বুধবার(১৪ জুলাই) ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

নৌপ্রতিমন্ত্রী বলেন, ঈদযাত্রায় নৌপরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। নৌপথে যাত্রীদের স্বাস্থ্যবিধি পালনের ক্ষেত্রে কোনো ছাড় দেয়া হবে না।

সদরঘাটে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ৯টি পন্টুন বাড়ানো হচ্ছে বলে জানিয়ে নৌপ্রতিমন্ত্রী জানান, নতুন করে সদরঘাট লঞ্চ টার্মিনালকে সাজানো হচ্ছে। আগে ১৮টি পন্টুন ছিল। এখন ২৭টি করা হয়েছে। এখন পর্যন্ত ৯৫ ভাগ কাজ হয়েছে। বাকি কাজ দ্রুত শেষ হবে। প্রতিটি পন্টুন ১০০ ফিট দৈর্ঘ্যের। ফলে ওয়াইজঘাট থেকে লালকুঠি পর্যন্ত ৩টি ঘাটকে সংযুক্ত করা হয়েছে। এর ফলে যাত্রীরা সামাজিক দূরত্ব বজায় রেখে অনায়াসে যাতায়াত করতে পারবেন।

এদিকে, বুধবার ১৪ জুলাই মধ্যরাত থেকে সারা দেশে লঞ্চসহ যাত্রীবাহী নৌযান চলাচল শুরু হবে। চলবে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত। এরপর আবার ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ থাকবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে এবং যাত্রীসহ সংশ্লিষ্টদের মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত নৌযান চলবে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর