উদাসীনতায় ঈদ যাত্রা যেন জীবনের শেষ যাত্রা না হয়: কাদের
আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে দেশে চলমান লকডাউন আগামী ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এ সময় সবাইকে সতর্ক ও সুরক্ষায় থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, নিজেদের উদাসীনতা এবং অপরিণামদর্শীতার কারণে উৎসবের যাত্রা যেন জীবনের শেষ যাত্রায় রূপ না নেয়। এ পরিস্থিতিতে নিজেই নিজেকে সুরক্ষা করতে হবে।
বুধবার (১৪ জুলাই) ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত ব্রিফিংকালে এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ঈদ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী লকডাউনের ব্রেক দিলে করোনা কাউকে ব্রেক দিবে না, সংক্রমণ ছড়াবেই। তাই মাস্ক পরিধান ছাড়া বিকল্প কিছু নেই।
স্বাস্থ্যবিধি মেনে কাল থেকে গণপরিবহন চলবে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, পূর্বের ধারাবাহিকতায় সমন্বয়কৃত ৬০ ভাগ বর্ধিত ভাড়ায় অর্ধেক আসন ফাঁকা রেখে চলবে গণপরিবহন।
শর্ত অমান্যকারী এবং অতিরিক্ত ভাড়া আদাকারী পরিবহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেন ওবায়দুল কাদের।
বার্তা বাজার/নব