এ বছর বৃষ্টি বেশি তাই ডেঙ্গু গত বছরের চেয়ে একটু বেড়েছে বলে জানিয়েছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গত বছরের চেয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লেও এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।
বুধবার (১৪ জুলাই) সকালে রাজধানীর তাঁতীবাজারে বর্জ্য স্থানান্তর কেন্দ্র উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। এডিস নিধনে চিরুনি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মেয়র তাপস।
তাপস বলেন, আমরা এখন যে কিটনাশকটা দিচ্ছি সেটি ম্যালাথিয়ন। আমরা কার্যক্রম শুরু করেছি। তারপরও আমরা লক্ষ্য করছি যেহেতু এ বছর বৃষ্টি বেশি তাই ডেঙ্গু গত বছরের চেয়ে একটু বেড়েছে। যদিও ২০১৯ ও ২০১৮ সালের চেয়ে এখনো অনেক নিয়ন্ত্রণে রয়েছে।
তিনি আরও বলেন, ডেঙ্গু রোগীর সংখ্যা গত পরশু দিন পর্যন্ত ঊর্ধ্বমুখী ছিল, গতকাল খবর নিয়েছি ডেঙ্গু রোগীর সংখ্যা এখন নিম্নমুখী হচ্ছে। আমরা আশাবাদী আমাদের এ চিরুনি অভিযান চলমান থাকবে। আর এ চিরুনি অভিযানের মাধ্যমে মানুষকে সচেতন করতে পারবো। মানুষকে সচেতনতার মাধ্যমে ডেঙ্গুর প্রকোপ থেকে মুক্ত হতে পারবো।
বার্তাবাজার/পি