লালমনিরহাটের আদিতমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সুভল চন্দ্র সাদ্দাম (৩৩) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
নিহত সুভল চন্দ্র সাদ্দাম আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী গ্রামের পেলকু চন্দ্রের ছেলে।
বুধবার (১৪ জুলাই) ভোরে মহিসতলী সীমান্তের মেইন পিলার ৯২০ এর সাব পিলার ৮ এর কাছে এ ঘটনা ঘটে। ভারতের অভ্যন্তরে নিহত যুবকের মরদেহ পড়ে আছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুজন।
বিজিবি, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাদ্দাম ভেলাবাড়ী ইউনিয়নের দুলালী সীমান্ত দিয়ে ১০/১২ জনের একটি দলের সাথে ভারতের অভ্যন্তরে হিজলতলা গ্রাম দিয়ে গরু আনতে যান। ভোরে তারা সবাই গরু নিয়ে সীমান্ত অতিক্রম করলে টহলরত বিএসএফ ৭৫ ব্যাটালিয়নের রানী নগর ক্যাম্পের সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এ সময় সবাই পালিয়ে আসলেও ঘটনাস্থলে সাদ্দাম গুলিবিদ্ধ হয়ে মারা যান। এছাড়া আরও দুই জন গুলিবিদ্ধ হন। তাদের গোপনে চিকিৎসা প্রদান করা হচ্ছে।
ভেলাবাড়ী ইউপির ৫ নম্বর ওয়ার্ড সদস্য রজব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনার পর থেকে বিএসএফ বাংলাদেশ থেকে ৫ গজ ভারতের ভেতরে মরদেহটিকে ঘিরে রেখেছে।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত বাংলাদেশি যুবকের পরিচয় পাওয়া গেছে। তবে এ ব্যাপারে বিজিবির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বার্তা বাজার/নব