সিরাজগঞ্জে ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের মাঝে বিতরণকৃত ভিজিএফের ১১শ কেজি চাল উদ্ধার করা হয়েছে ফার্নিচার দোকান থেকে।
মঙ্গলবার(১৩ জুলাই) সন্ধ্যার দিকে জেলার কাজিপুর পৌরসভার হ্যালিপ্যাড এলাকার ‘সবুজ ফার্নিচার মার্ট’ নামক ফার্নিচারের দোকানে অভিযান চালিয়ে ওই চালগুলো উদ্ধার করা হয়।
বুধবার(১৪ জুলাই) সকালে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করে জানান, ঈদুল আজহা উপলক্ষে দুস্থ কার্ডধারীদের মাঝে ১০ কেজি করে ভিজিএফের বিতরণকৃত চালের ১১শ কেজি চাল চোরাচালানির মাধ্যমে উপজেলার পৌরসভার হ্যালিপ্যাড এলাকায় ‘সবুজ ফার্নিচার মার্ট’ নামক ফার্নিচারের দোকানে মজুদ রাখা হয়েছে এমন তথ্যের ভিত্তিতে ওই দোকানে অভিযান চালিয়ে চালগুলো উদ্ধার করা হয়েছে।
এ সময় ওই ফার্নিচার দোকানের মালিক আলমপুর মধ্যপাড়া গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে আনোয়ার হোসেন (৪৫)কে আটক করা হয়। এ ঘটনায় আটক ওই ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত চাল কাজিপুর থানা পুলিশি হেফাজতে রাখা হয়েছে বলেও জানান তিনি।
অভিযান চলাকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ কে এম শাহা আলম মোল্লা, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
এম এ মালেক/বার্তাবাজার/পি