গাজীপুরে বেতন-বোনাসের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
বকেয়া বেতন ও বোনাসের দাবিতে গাজীপুর সিটি করপোরেশনের লক্ষ্মীপুরা এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা।
বুধবার (১৪ জুলাই) সকালে শ্রমিকেরা জুন মাসের বেতন এবং কর্মীরা সাত মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ করেছেন।
কারখানার শ্রমিক ও কর্মীরা বলেন, স্টাইল ক্র্যাফট লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানায় প্রায় ৪ হাজার জন কাজ করেন। কর্মীদের চলতি বছরের তিন মাসের এবং গত বছরের চার মাসের বেতন বকেয়া আছে। তারা বিভিন্ন সময়ে পরিশোধ করবে বলেও করছে না।
সর্বশেষ গতকাল সকালে কর্মীরা কাজ বন্ধ করে দিলে কর্তৃপক্ষ সন্ধ্যার মধ্যে বেতন পরিশোধ করার কথা বলে। কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত হলেও তারা বেতন-বোনাস দেয়নি।
আর তাই আজ সকালে কাজ বন্ধ করে কারখানার ভেতরে অবস্থান নিয়ে শ্রমিক ও কর্মীরা বিক্ষোভ করেন। এরপর তারা কারখানার সামনে জয়দেবপুর-ঢাকা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে ওই মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
কারখানার শ্রমিকরা জানিয়েছেন, বেতন না পাওয়ার ব্যাপারটি তারা জেলা প্রশাসক ও সিটি করপোরেশনের মেয়রকে জানিয়েছে। বেতন না পাওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তারা।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, শ্রমিক ও কর্মীরা বেতন পাচ্ছেন না। বেতনের দাবিতে তারা সড়কে অবস্থান নিয়েছেন।
বার্তা বাজার/নব