কঠোর বিধিনিষেধ শিথিলের আগেই বেড়েছে যান চলাচল

মহামারি করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের শেষ দিন আজ বুধবার। কোরবানির ঈদ, মানুষের স্বাভাবিক চলাচল ও পশুর হাট বসানোর বিষয় বিবেচনায় নিয়ে বৃহস্পতিবার থেকে কঠোর বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

কঠোর লকডাউন শিথিলের সিদ্ধান্তের সাথে সাথেই রাজধানীতে মানুষের চলাফেরা বেড়েছে। একইসঙ্গে, গণপরিবহণ ছাড়া চলছে সব ধরনের যানবাহন।

তবে, কঠোর বিধিনিষেধের শেষ দিনেও যান চলাচল নিয়ন্ত্রণে তৎপর রয়েছে পুলিশ। অকারণে যারা বের হচ্ছেন, তাদের নিরুৎসাহিত করা হচ্ছে। মাস্ক পরার ব্যাপারেও সচেতনতা তৈরি করছেন তারা। এছাড়া পুলিশের চেকপোস্টের কারণে যানজটও সৃষ্টি হচ্ছে।

কোরবানির ঈদ এবং মানুষের জীবন-জীবিকা বিবেচনায় নিয়ে ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত কঠোর বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ঈদের পর ২৩ জুলাই থেকে ফের কঠোর বিধিনিষেধের নির্দেশ জারি করা হয়েছে।

উল্লেখ্য, দেশে করোনার সংক্রমণ বাড়তে থাকায় তা প্রতিরোধে ১লা জুলাই থেকে সাত দিনের জন্য কঠোর লকডাউন ঘোষণা করে সরকার। পরে ৫ জুলাই আরেক দফায় চলমান কঠোর বিধিনিষেধের মেয়াদ ১৪ জুলাই পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। জরুরি পরিসেবার আওতাভুক্ত এবং পণ্য পরিবহণ ছাড়া সব ধরনের যন্ত্রচালিত যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর