করোনা মহামারির কারণে অনেকদিন ধরে বন্ধ থাকা ভারত-বাংলাদেশ সীমান্ত শীঘ্রই খুলে দেওয়া হচ্ছে না। চলমান বন্ধ অবস্থা আগামী ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।
মঙ্গলবার (১৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস সংবাদ মাধ্যমকে এই তথ্য জানান।
তিনি বলেন, কোভিড পরিস্থিতির কারণে সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এই সময়ে স্থল সীমান্ত বন্দর দিয়ে বাংলাদেশিরা সপ্তাহে তিন দিন প্রবেশ করতে পারবেন। যারা আসবেন তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে।
প্রসঙ্গত, করোনার ডেল্টা সংক্রমণের কারণে গত ২৬ এপ্রিল থেকে ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে দফায় দফায় এই মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ ঘোষণায় ১৪ জুলাই পর্যন্ত সীমান্ত বন্ধ রাখার কথা বলা হয়।
বার্তা বাজার/এসজে