মহিলা মেম্বারের কক্ষে দেনাদারের রহস্যজনক মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে এক ইউপি সদস্যের অফিস থেকে নুরুল আলম (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কর্ণফুলী থানা পুলিশ। মঙ্গলবার (১৩ জুলাই) বিকাল সাড়ে চারটায় উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর এলাকার ইউপি সদস্যের অফিসে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ইউপি সদস্য আছিয়া বেগম (৫০), কোরবান আলী (২৮) ও মোহাম্মদ পারভেজ (২২) নামে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন বলে জানিয়েছেন পুলিশ।

থানা সূত্রে জানা যায়, বিকালে ইছানগর এলাকায় ৭,৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের ইউপি সদস্যা আছিয়া বেগম থানায় এসে জানিয়েছে নুরুল আলম নামে এক ব্যক্তির কাছে ৫০ হাজার টাকা পাবে। সে জন্য টাকা গুলো না দেওয়ায় তাকে অফিসে আটকে রাখা হয়। এর কয়েক ঘন্টাপর অফিস খুলে দেখেন তিনি আত্মহত্যা করেছেন। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

কর্ণফুলী থানার (ওসি) তদন্ত ফেরদৌস হোসেন জানান, চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর ৮নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্যা আছিয়া বেগমের অফিসে স্থানীয় নুরুল আলম (৪৫) কাছে ৫০ হাজার টাকা পাবে বলে আটকে রাখেন কোরবান আলী।

আটককে রাখার কয়েক ঘন্টা পর তাঁর লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। নিহত নুরুল আলম একই এলাকার মৃত শরফ আলীর পুত্র। তাঁর শরীরে লুঙ্গি ও গেঞ্জি ছিল।

তিনি আরো জানান, এ ঘটনায় ইউপি সদস্যা আছিয়া বেগম, কোরবান আলী ও পারভেজকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় মামলা হচ্ছে।

হুমায়ূন কবির শাহ্ সুমন/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর