সার্ভারজনিত সমস্যার কারণে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী মঙ্গলবার (১৩ জুলাই) থেকে ট্রেনের টিকেট বিক্রি শুরু করতে পারেনি রেলওয়ে কর্তৃপক্ষ। আগামী বুধবার (১৪ জুলাই) থেকে বিক্রয় শুরু করবে তারা।
জানা যায়, বুধবার সকাল ৮টা থেকে অনলাইনে বিক্রয় শুরু হবে ট্রেনের টিকেট। এদিন ১৬, ১৭ ও ১৮ জুলাইয়ের অগ্রিম টিকেট বিক্রি করা হবে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী জানান, দীর্ঘদিন সার্ভার বন্ধ থাকায় টিকিটিং ব্যবস্থাপনায় কিছুটা জটিলতা দেখা দেওয়ায় মঙ্গলবার থেকে টিকিট দেওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। তাছাড়া সব ট্রেন চলছে না, ফলে টিকিটের রি-শিডিউল করতে অনেক সময় লেগে গেছে। এ কারণে সময়মতো টিকিট বিক্রি শুরু করা যায়নি।
তিনি বলেন, যে কয়টা ট্রেন চলবে তার সিরিয়াল ঠিক করে আসন বিন্যাস সময়মতো শেষ করতে না পারায় বুধবার সকাল ৮টা থেকে শুরু হবে ট্রেনের ঈদ যাত্রার আগাম টিকিট বিক্রি।
এর আগে মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে রেলভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, বিকেল ৫টা থেকে শুধু মাত্র অনলাইনে ট্রেনের টিকিট পাওয়া যাবে। এক আসন ফাঁকা রেখে ট্রেন চলাচলের বিষয়টিও তিনি জানান তখন।
বার্তা বাজার/এসজে