মাস্ক ও হাত ধুয়ে আর করোনা মোকাবিলা সম্ভব না: জিএম কাদের

মাস্ক পরে ও সাবান দিয়ে হাত ধুয়ে আর করোনা মোকাবিলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। এজন্য টিকার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে চেয়ারম্যানের দলীয় কার্যালয়ে এইচএম এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। সভায় দলের ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন থানা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তিনি বলেন, টিকা কুটনীতিতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বিশ্বের সব দেশ যখন করোনার টিকা দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে ফেলেছে তখনও আমাদের টিকার পূর্ণ নিশ্চয়তা মেলেনি। করোনা পরিস্থিতি ভয়াবহ অবস্থা ধারণ করেছে। বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে এ অবস্থা আরও খারাপ হতে পারে। সময় মতো মানুষকে করোনার টিকা দিতে ব্যর্থ হওয়ায় পরিস্থিতি এতটা খারাপ হয়েছে।

জিএম কাদের বলেন, কখনোই এদেশে ‘লকডাউন’ সফল হবে না। কারণ দেশের বেশির ভাগ মানুষেরই ঘরে খাদ্য নেই, পকেটে পয়সা নেই। তাই খাদ্য সহায়তা না দিলে ক্ষুধার্ত মানুষ ঘরের বাইরে বের হবেই। শুরু থেকেই আমরা ‘লকডাউনের’ আগে দরিদ্র মানুষকে খাদ্য সহায়তা দিতে বলেছি। সদিচ্ছার অভাবে সরকার হতদরিদ্র মানুষের জন্য খাদ্য সহায়তা দেয়নি।

বার্তা বাজার/ এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর