নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুসের কারখানায় অগ্নিকাণ্ডে শ্রমিক মৃত্যুর পর এবার বন্দর উপজেলায় ড্রেন নির্মাণের কাজ করার সময় ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। সড়কে সিটি করপোরেশনের ড্রেন নির্মাণের সময় পাশে থাকা প্রাইমারি স্কুলের দেইয়াল ধসে এই দুর্ঘটনা ঘটে।
মঙ্গলবার (১৩ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার উত্তর লক্ষণখোলায় দুর্ঘটনায় নিহতরা হলেন, হৃদয় (৩০) ও এক নারী শ্রমিক। তবে তার পরিচয় জানা যায়নি।
জানা যায়, দুপুরে ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে ৩ শ্রমিক আহত হয়। তাদেরকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানেই মারা যান ২ জন।
দুর্ঘটনাস্থলে থাকা শ্রমিক জাহেদা জানান, সকাল থেকে তারা ১০ জন কাজ করছিলেন। দুপুরে এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, হৃদয় (৩০), মিম (৩৬) ও দুলালী (৩৫)। তাদেরকে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার করে।
এ বিষয়ে বন্দর থানার ইনস্পেকটর দীপক চন্দ্র জানান, আহতদের মাঝে ২ জন মারা গেছেন। নির্মাণের কাজ পাওয়া ঠিকাদার প্রতিষ্ঠানের কোনো ত্রুটি আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।
বার্তা বাজার/এসজে