পদ্মাসেতুর মালামাল ভর্তি জাহাজ ডুবে গেল সাগরে

পদ্মাসেতু নির্মাণের বিভিন্ন মালামাল নিয়ে বঙ্গোপসাগরে এমভি হ্যাং গ্যাং-১ নামে একটি জাহাজ ডুবে গেছে। মঙ্গলবার (১৩ জুলাই) সকালে নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর উপকূলে এই দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন কর্তৃপক্ষের উপ-পরিচালক মো. সেলিম বিষয়টি নিশ্চিত করে জানান, সাগরে ডুবে থাকা অন্য একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে এমভি হ্যাং গ্যাং-১ ডুবে গেছে। এ সময় জাহাজের নাবিকরা মাছ ধরার ছোট নৌকায় উঠে প্রাণে রক্ষা পেয়েছেন।

তিনি বলেন, শনিবার (১০ জুলাই) এমভি ফুলতলা-১ নামে একটি জাহাজ ওই এলাকায় ডুবে যায়। সেখানে সতর্কতা হিসেবে লাল বয়া দেওয়া হয়েছিল। কিন্তু পদ্মা সেতু নির্মাণে ব্যবহৃত লোহার পাইপ নিয়ে যাওয়া এমভি হ্যাং গ্যাং-১ নামের জাহাজটি সিগন্যাল না মেনেই সেদিকে যাচ্ছিল। এসময় ডুবে থাকা জাহাজের সাথে ধাক্কা লেগে এটিও ডুবে যায়।

জানা যায়, ভাসানচর থেকে ১০ নটিক্যাল মাইল দক্ষিণে বঙ্গোপসাগরে এই জাহাজটি দুর্ঘটনায় পতিত হয়।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর