করোনাকালে দেশে অনেক মানুষের মৃত্যু হয়েছে। এসব মৃত্যুজে গণহত্যার সাথে তুলনা করা যায় বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। মঙ্গলবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত গণস্বাস্থ্য কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
সম্প্রতি নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাশেম ফুডসে অগ্নিকাণ্ডে শ্রমিকদের মৃত্যু ও সামগ্রিক করোনা পরিস্থিতি নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ডাকসুর আলোচিত এই সাবেক ভিপি বলেন, এই সরকার পরিকল্পিতভাবে নাগরিকদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। করোনাকালে যাদের প্রাণ চলে গেছে, এটাকে গণহত্যার সাথে তুলনা করা যায়।
তিনি বলেন, করোনাকালিন সময়ে রাজনৈতিক দমন-পীড়ন বেড়েছে। সম্প্রতি আমরা লক্ষ্য করছি যে মাদরাসা ও ইসলামিক মাইন্ডের মানুষদের বেশি গুম করা হচ্ছে। এটার কারণ আমরা বলতে পারছি না। প্রত্যেকটি গুম-খুনের সাথে রাষ্ট্রীয় বাহিনী জড়িত। যদি তারা জড়িত না থাকে তাহলে তারা খুঁজে বের করুক এই গুম কারা করেছে। তাদের তো এটা দায়িত্ব।
গণস্বাস্থ্য কেন্দ্রের গণমাধ্যম উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুর পরিচালনায় সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ডা: জাফরুল্লাহ চৌধুরী। এছাড়াও বক্তব্য দেন রাখেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূর, মুক্তিযোদ্ধা ইসতিয়াক আজিজ উলফাত।
বার্তা বাজার/এসজে