আসন্ন ঈদুল আজহা উপলক্ষে চলমান লকডাউন শিথিল করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বুধবার (১৪ জুলাই) মধ্যরাত থেকে শিথিল হতে যাচ্ছে এই লকডাউন। আর তখন থেকেই লঞ্চ চলাচল শুরু হবে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
মঙ্গলবার (১৩ জুলাই) বিআইডব্লিউটিএ’র জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, মন্ত্রিপরিষদ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, সেই অনুসারে লঞ্চ চলাচল করতে পারবে। বুধবার মধ্যরাত থেকেই চালু হচ্ছে লঞ্চগুলো। ২২ জুলাই রাত পর্যন্ত চলবে।
এর আগে মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে চলমান লকডাউন শিথিল করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত দেশে চলমান কঠোর লকডাউন শিথিল করা হলো। তবে ২৩ জুলাই সকাল থেকে ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত আবারও শুরু হবে ১৪ দিনের কঠোর লকডাউন।
বার্তা বাজার/এসজে