মাদকসহ আ. লীগ সভাপতির ছেলে ও ৩ যুবলীগ নেতা আটক
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় আ’লীগ সভাপতির ছেলেসহ ৩ মাদক ব্যবসায়ীকে মাদকসহ আটক করেছে ফরিদপুর র্যাব-৮ এর একটি দল। মঙ্গলবার (১৩ জুলাই) গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাবের সিপিএ বিএম ইউসুফ আলী বাদী হয়ে বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে।
ফরিদপুর র্যাব-৮ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভীত্তিতে র্যাব জানতে পারে সোমবার (১২ জুলাই) বিকেলে বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামে ইয়াবা ও গাঁজা বিক্রয়ের জন্য তিন মাদক ব্যবসায়ী অবস্থান করছে।
এ সময় র্যাবের অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী চতুল ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পোয়াইল গ্রামের হাসমত মাতুব্বরের ছেলে একই ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জল শেখ (২৫), শহিদ শেখের ছেলে ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম (২৬), জাকারিয়া শেখের ছেলে মো. মাহাবুব শেখকে (২৬) আটক করে।
এসময় আটককৃত মাদক ব্যবসায়ীদের হেফাজতে থাকা ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৮৮০ গ্রাম গাঁজা ও মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২টি সীমকার্ডসহ ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদের মঙ্গলবার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম বলেন, র্যাবের হাতে আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে এবং মঙ্গলবার আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।
মিয়া রাকিবুল/বার্তা বাজার/টি