ফরিদপুরে জেলা প্রশাসনের উদ্যোগে ‘ফুডস্পট’ উদ্বোধন
কোভিড-১৯ এর প্রাদুর্ভাবে দরিদ্র, দুঃস্থ, ভাসমান, অস্বচ্ছল জনগণের জন্য খাদ্য সহায়তা স্বরূপ ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে ফুডস্পট উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার( ১৩ জুলাই) দুপুরে শহরের গুরুত্বপূর্ণ স্থান ভাঙ্গা রাস্তার মোড়স্থ সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ে জেলা প্রশাসক অতুল সরকারের পক্ষ থেকে ফুডস্পটটি উদ্বোধন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক দীপক কুমার রায়।
সরেজমিন পরিদর্শনে দেখা যায়, সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে ডেকোরেশনের মাধ্যমে টেবিল চেয়ার স্থাপন করে সুন্দর পরিপাটি পরিবেশে খাবার পরিবেশন করা হচ্ছে। ওয়ান টাইম প্লেট ও ওয়ান টাইম গ্লাসে খাবার পরিবেশন করা হচ্ছে। জেলার ও জেলার বাইরে থেকে নানা জরুরী কারণে যেসব ব্যক্তি এসেছেন তাদের অনেকেই চলার পথে এখান থেকে খেয়ে নিচ্ছেন। প্রথম দিনে খিচুড়ি, সবজি, বিশুদ্ধ পানি খাবার হিসেবে প্রদান করা হচ্ছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, করোনার কারণে বিভিন্ন জরুরী কারণে যাদের শহরে আগমন অত্যাবশ্যকীয় হয় অথচ খাবারের কোন সংস্থান নাই: এরকম দরিদ্র, দুঃস্থ, ভাসমান, অস্বচ্ছল জনগণের জন্য এ ফুডস্পট করা হয়েছে।
এছাড়াও করোনাকালীন জেলায় ত্রান সহায়তাসহ অন্যান্য সেবার পাশাপাশি সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন ফুডস্পটে ৩০০ জনকে খাবার প্রদান করা হচ্ছে। প্রাথমিক ভাবে ১টি স্পটে এ খাবার প্রদান করা হচ্ছে। চাহিদা ও পরিস্থিতি বিবেচনায় স্পটের সংখ্যা ও প্রদানের সংখ্যা আরো বাড়ানো হবে।
মিয়া রাকিবুল/ বার্তা বাজার/টি