ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে খেলতে পারেননি বাংলাদেশ দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। এবার জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে টাইগাররা।
ওয়ানডে সিরিজে খেললেও ব্যক্তিগত কারণে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন মুশফিক। তবে এবার তিনি সিদ্ধান্তে পরিবর্তন এনেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলবেন তিনি।
জিম্বাবুয়ে সফর শেষে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে টাইগাররা। আর এই সিরিজে কঠোরভাবে জৈব-সুরক্ষা বলয় মেনে চলতে হবে।
মূলত জৈব-সুরক্ষা বলয় জটিলতায় জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলার সিদ্ধান্ত নিয়েছেন মুশফিক। ওয়ানডে সিরিজ শেষ করে ২০ জুলাই দেশে ফিরে আবার ২৯ জুলাই থেকে জৈব-সুরক্ষা বলয়ে প্রবেশ করতে হতো মুশফিককে।
এখন টি-টোয়েন্টি সিরিজ শেষে ২৭ তারিখ দেশে ফিরেই অস্ট্রেলিয়া সিরিজের জন্য জৈব সুরক্ষা বলতে প্রবেশ করবে বাংলাদেশ দল। এ জটিলতার জন্যই টি-টোয়েন্টি সিরিজে খেলবেন মুশফিক।
বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এ প্রসঙ্গে বলেন, মুশফিক তার সিদ্ধান্ত পরিবর্তন করেছে। সে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেই আসবে। যদি সে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছুটি নেওয়ার সিদ্ধান্তে বহাল থাকতো তাহলে তাকে দেশে ফিরে আবারও বায়োবাবলের জটিলতায় পড়তে হতো।
বার্তা বাজার/নব