কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ: আপন মামাসহ আটক ২

ঢাকার কেরানীগঞ্জে ১৩ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আপন মামা ও খালাত ভাইকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো, দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা পশ্চিম পাড়া আদর্শনগর এলাকার লাট মিয়ার ছেলে রমজান (১৬) ও তার শ্যালক মালেক (৪০) ।

জানা যায়, ধর্ষণের শিকার ওই কিশোরীর মা কিছুদিন আগে মারা যায়। পরে তার বাবাও নতুন আরেকটি বিয়ে করে অন্যত্র চলে যায়। এতে কিশোরী মেয়েটি অসহায় হয়ে পড়ে। তাই বাধ্য হয়ে সে তার খালার বাসায় থাকত। সেই সুযোগে মেয়েটিকে তার আপন মামা ও খালাতো ভাই সংঘবদ্ধভাবে ভয় দেখিয়ে প্রায়ই তার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতো।

একপর্যায় মেয়েটি ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি এলাকাবাসীর নজরে আসে। পরে এলাকার কয়েকজন মহিলা মেয়েটিকে পরীক্ষার জন্য এক গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে গেলে, সে চিকিৎসক জানান মেয়েটি অন্তঃসত্ত্বা।

ঘটনাটি প্রকাশ্যে এলে এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিষয়টি ধামাচাপা দিতে পঞ্চায়েত কমিটির সদস্যরা সালিশির আয়োজন করে। সালিশে কোনো সিদ্ধান্ত না আসায় ৯৯৯ ফোন করলে পুলিশ এসে ভিকটিম , ধর্ষক রমজান ও মালিককে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জে ওসি আবুল কালাম আজাদ জানান, মেয়েটি অন্তঃসত্ত্বা কি না তা নিশ্চিতের জন্য তাকে আল্ট্রাসনোগ্রাফি করাতে একটি ক্লিনিকে পাঠানো হয়েছে। আলট্রাসনোগ্রাফি রিপোর্ট না আসা পর্যন্ত বলা যাচ্ছে না মেয়েটি অন্তঃসত্ত্বা কি না। তবে এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। অপরাধ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

রানা আহমেদ/ বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর