সাভারে সিনোফার্মার ভ্যাক্সিন প্রদান শুরু!
চীনের করোনা ভ্যাক্সিন ‘সিনোফার্মা’ প্রদান শুরু হয়েছে সাভার উপজেলায়। মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ১১ টায় সাভার অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ে এই ভ্যাক্সিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন সাভার উপজেলা পরিষদের মহিলা ভাইস- চেয়ারম্যান ইয়াসমিন চৌধুরী সুমি।
সিনোফার্মার প্রথম ডোজটি গ্রহন করেন তিনি। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম এবং সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা।
সরেজমিনে, অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা বুথের ব্যবস্থা করা হয়েছে। নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে এবং সরকারি স্বাস্থ্য বিধি মেনে পুরুষ এবং মহিলারা টিকা গ্রহন করছেন। সমগ্র টিকা প্রদান কার্যক্রম স্বেচ্ছাসেবী সংগঠন সাভার উপজেলা যুব রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যগণের তত্বাবধানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষিত স্বাস্থ্য কর্মীগণের মাধ্যমে সম্পন্ন হচ্ছে।
আশুলিয়ার জিরাবো থেকে এসেছেন মোঃ আব্দুল হামিদ। তিনি জানান এর আগে কোভিশিল্ড এর টিকা গ্রহনের জন্য নিবন্ধন করলেও তখন টিকা নিতে পারেন নাই। এখন এই সিনোফার্মার টিকা গ্রহন করতে এসেছেন।
সাভার উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান ইয়াসমিন চৌধুরী সুমি জানান, মঙ্গলবার ( ১৩ জুলাই) সিনোফার্মার ভ্যাক্সিন প্রদান কার্যক্রম শুরু হলো। আমি নিজেও আজ ভ্যাক্সিন গ্রহন করেছি। আমি সর্বপ্রথম আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই কারণ তাঁর দূরদর্শিতার কারণেই দ্রুত করোনার টিকা বাংলাদেশে এসেছে।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সাভার উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মাজহারুল ইসলাম বলেন, সাভারে চীনের করোনার টিকা সিনোফার্মা প্রদানের শুভ উদ্বোধন করেন । স্বাস্থ্য বিধি মেনে সাভারের বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ এসে খুব সুন্দর পরিবেশে এই ভ্যাক্সিন গ্রহন করছেন।
তবে একটি বিষয় আমাদের মনে রাখতে হবে যে, শুধু ভ্যাক্সিন গ্রহনই করোনা থেকে রক্ষার একমাত্র নিয়ামক নয়, পাশাপাশি মাস্ক পরিধান সহ সরকার নির্দেশিত স্বাস্থ্য বিধিও সকলকে মেনে চলতে হবে। আমরা সরকারি কর্মকর্তাগণও ভ্যাক্সিন গ্রহন করেছি, কিন্ত আমরা নিজেরাও এরপরে শতভাগ স্বাস্থ্য বিধি মেনে চলছি। এজন্য সাভারবাসীর প্রতি অনুরোধ আপনারা টিকা গ্রহনের পাশাপাশি অবশ্যই স্বাস্থ্য বিধি মেনে চলবেন।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও সাভার উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. সায়েমুল হুদা জানান, সাভারে ইতোমধ্যে আমরা চীনের তৈরী ১২ হাজার ডোজ সিনোফার্মা গ্রহন করেছি। এরই ধারাবাহিকতায় আজ সাভার অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ে ভ্যাক্সিন প্রদান কার্যক্রম শুরু হলো। যারা আগে রেজিষ্ট্রেশন করেছেন কিন্তু ভ্যাক্সিন পাননি তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
তবে অন্যরাও নিবন্ধন করে এই টিকা গ্রহনের সুযোগ পাবেন। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই টিকা প্রদান চলবে। এখানে নারী এবং পুরুষদের জন্য আলাদা বুথের ব্যবস্থা করা হয়েছে। খুব সুন্দর পরিবেশে কোনো ধরণের সংক্রমণের ভয় ছাড়াই নিবন্ধন করে এখানে ভ্যাক্সিন গ্রহন করা যাবে।
প্রসঙ্গত, সাভারে এই টিকা গ্রহন করতে হলে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ঠিকানায় রেজিষ্ট্রেশন করতে হবে। নিবন্ধনকারীর ফোনে অবশ্যই ম্যাসেজ দেওয়া হবে।
আর যারা আগে নিবন্ধন করেছেন কিন্তু টিকা নেন নাই, তাদেরকে আবারও সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ম্যাসেজ ‘রিপ্লেসমেন্ট’ করতে হবে বলে জানা গেছে। আর যারা আগে কোভিশিল্ডের প্রথম ডোজ নিলেও দ্বিতীয় ডোজ নিতে পারেননি, তারা এখন এই ভ্যাক্সিন নিতে পারবেন না।
তাদের জন্য খুব শিঘ্রই কোভিশিল্ড এর ভ্যাক্সিন আনা হবে, তারা তখন গ্রহন করবেন। প্রতিদিন সাভার অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ে ৩০০/৪০০ জনকে ভ্যাক্সিন প্রদান করা হবে বলেও জানা যায়।
মোঃ আল মামুন খান/বার্তা বাজার/টি